ঢাকায় শুরু হচ্ছে পিকেসিএসবিডি ক্রিকেট ট্যালেন্ট হান্ট
মাদক নয়, স্বপ্নের ভবিষ্যৎ গড়বো ক্রিকেটে’ এই শ্লোগানে ঢাকায় শুরু হলো পিকেসিএসবিডি ক্রিকেট ‘ট্যালেন্ট হান্ট’ কার্যক্রম। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় দেশব্যাপী চলছে এ প্রতিযোগিতা। বুধবার থেকে ঢাকা মহানগর সহ ঢাকা জেলায় শুরু হতে যাচ্ছে ট্যালেন্ট হান্টের এই কার্যক্রমটি।
রোববার ঢাকা জেলার, জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে পিকেসিএসবিডি ট্যালেন্ট হ্যান্ট বাস্তবায়ন সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের ব্যস্থাপনা পরিচালক সোহেল মাহমুদ সৈকত, ঢাকা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিভিন্ন থানা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্যাম্পেইন ও রেজিষ্ট্রেশনের দায়িত্বপ্রাপ্ত ইভেন্ট ম্যানেজমেন্ট পিএমসি গ্লোবাল ও থ্রি হুইলারস ইভেন্ট।

এই বিষয়ে ঢাকা জেলা শিক্ষা অফিসার মোঃ বেনজীর আহম্মদ ঢাকা জেলার সকল থানা ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আহবান জানান। তিনি বলেন, ক্রিকেট খেলায় আগ্রহী ছাত্রদের উৎসাহিত করুন এবং সকল প্রতিষ্ঠান থেকে এই প্রতিযোগীতায় অংশগ্রহণ নিশ্চিত করুন। ’
৬ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ১২ বছর থেকে ১৯ বছর বয়সী ছাত্ররা এই ‘ট্যালেন্ট হান্ট’ এ অংশগ্রহণ করতে পারবে।
সারাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার ৪৯২ টি উপজেলায় একযোগে চলছে উপজেলা ও জেলা রাউন্ডের ট্যালেন্ট বাছাই। জেলা রাউন্ড শেষে বিভাগ ও জাতীয় রাউন্ডের ট্যালেন্ট বাছাইয়ের মাধ্যমে শেষ হবে এই কার্যক্রম।
এই ট্যালেন্ট হান্ট এর বিভাগীয় এবং জাতীয় রাউন্ড শেষে বিভিন্ন বয়সের চমকপ্রদ কিছু ক্রিকেটার পেতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের সমন্বয়ে বাছাই প্যানেল পিকেসিএসবিডি ট্যালেন্ট হান্ট কার্যক্রমে উপজেলা, জেলা,বিভাগ ও জাতীয় রাউন্ডের বাছাই কার্যক্রম সম্পন্ন করবে।